শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১০:২১ পিএম
অনেকেই জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, ডায়রিয়া বা অ্যাসিডিটির মতো সাধারণ অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করেন। প্যারাসিটামল, আইবুপ্রোফেন বা সেটিরিজিনের মতো ওষুধকে সাধারণ মনে করা হলেও, নিয়মিত ও অযাচিত ব্যবহার দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
প্যারাসিটামল সাধারণত জ্বর ও ব্যথা কমাতে ব্যবহৃত হয়, তবে অতিরিক্ত সেবনে লিভারের ক্ষতি, ক্ষুধামন্দা ও বমি বমি ভাব দেখা দিতে পারে।
আইবুপ্রোফেন দীর্ঘদিন ব্যবহার করলে পাকস্থলীর আলসার, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
অ্যাসপিরিন দীর্ঘমেয়াদে গ্রহণ করলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও আলসারের ঝুঁকি তৈরি হয়।
অন্যদিকে সেটিরিজিন নিয়মিত ব্যবহারে ক্লান্তি, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া ও মনোযোগ কমে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
ডায়রিয়ার ওষুধ লোপেরামাইড অতিরিক্ত সেবনে কোষ্ঠকাঠিন্য, অন্ত্রের সমস্যা এবং হৃদযন্ত্রের জটিলতা সৃষ্টি করতে পারে।
অ্যাসিডিটির জন্য ব্যবহৃত ওমিপ্রাজল দীর্ঘদিন গ্রহণ করলে হাড় দুর্বল হয়ে যাওয়া ও খনিজের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ ওষুধ হলেও এগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত সেবন করা বিপজ্জনক হতে পারে।
আরটিভি/কেডি