images

স্বাস্থ্য

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্বে প্রতিমন্ত্রী মুহিত  

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:২৭ পিএম

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে (বিশ্ব স্বাস্থ্য সম্মেলন) বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সম্মেলনে তিনি দেশের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তনের পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ মে বাংলাদেশের পক্ষে সম্মেলনের মূল অধিবেশনে আনুষ্ঠানিক বক্তব্য দেন প্রতিনিধি দলের নেতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।  তার নেতৃত্বে ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যোগ দিয়েছেন স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় এই বৈশ্বিক আসরে। 

বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী মুহিত বলেন, নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রেই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিচ্ছে। তবে এখনো দেশের মানুষকে মোট স্বাস্থ্যব্যয়ের ৭০ শতাংশের বেশি নিজের পকেট থেকেই বহন করতে হচ্ছে, যা অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলছে। 

আরও পড়ুন
Web-Image

শিশুদের মোবাইল আসক্তি নিয়ে বড় সতর্কবার্তা

তিনি জানান, এই অবস্থা বদলাতে সরকার ধাপে ধাপে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সবার জন্য সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন বৈঠকে ডা. এম এ মুহিত মানসিক স্বাস্থ্য, অসংক্রামক রোগ, প্রতিবন্ধীবান্ধব চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা নিয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নতুন নতুন রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় সব দেশের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন।


আরটিভি/জেএমএ