শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৭:১৯ পিএম
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা-তে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাতজন ইয়েমেনি কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) হুতিদের একজন নিরাপত্তা কর্মকর্তা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।
সানা-র একজন নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছেন, গত রাত থেকে আজ বিকেল পর্যন্ত ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাতজন ইয়েমেনি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন হুতি সূত্র আটকের খবর নিশ্চিত করলেও সংখ্যা নির্দিষ্ট করেননি। জাতিসংঘের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুতিরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী ও সাহায্যকর্মীদের হয়রানি ও আটক করে আসছে, তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের এই আটক অভিযান আরও জোরদার হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে, গত সপ্তাহান্তে হুতিদের অভিযানে আটক হওয়া ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘ কর্মীকে মুক্তি দেওয়া হয়েছিল।
হুতি-বিরোধী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার এই নতুন আটকের নিন্দা জানিয়ে বলেছেন, এটি পরিস্থিতি আরও বাড়ানোর একটি পদক্ষেপ ।
ইরানের বন্ধু শক্তিগুলোর অংশ হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগরের জাহাজ ও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে হুতি নেতা আব্দুলমালিক আল-হুতি জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের আগস্ট মাসের একটি বড় হামলায় হাত থাকার অভিযোগ এনেছিলেন, যেখানে হুতিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক নিহত হন। জাতিসংঘ অবশ্য সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আরটিভি/এআর