শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৮:৫০ পিএম
ভারতের বিহারে বিপুল সংখ্যক জেন-জি প্রজন্ম এবং তরুণ ভোটারের ক্ষোভ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে। খবর এনডিটিভির। ভোট গণনার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় এই জোট ২০২টি আসনে এগিয়ে আছে, যা সংখ্যাগরিষ্ঠতার (১২২ আসন) সীমা অনেক পেছনে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফলই বলে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের বিশাল তরুণ জনগোষ্ঠীর ওপর তার প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে এবং ২৩ শতাংশের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। চরম দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবের কারণে এই তরুণদের ক্ষোভ বারবার রাজপথে প্রকাশ পেয়েছে। তবুও, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডি-ইউ এবং বিজেপির জোট সেই ক্ষোভ সামলে জয়ের পথে রয়েছে।
ভোট গণনার হালনাগাদ তথ্যে এনডিএ জোটের মধ্যে বিজেপি ৯০ আসনে, জেডি–ইউ ৮৪ আসনে এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ১৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিরোধী মহাগাঠবন্ধন মাত্র ৩৫টি আসনে এগিয়ে ধুঁকছে, যেখানে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ২৫টি আসনে এগিয়ে এবং কংগ্রেস মাত্র ৬টি আসনে এগিয়ে। সিপিআই (এমএল-লিবারেশন) ও সিপিএমও সামান্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য সরকারি হিসাব মতেই, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিহারে প্রায় ৪০০টি বিক্ষোভ হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ।
আরটিভি/এআর