শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ১০:৪২ পিএম
দক্ষিণ কোরিয়ার সিউল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের শহর বুচনে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। কেনাকাটায় ব্যস্ত মার্কেটে হঠাৎ করে ঢুকে পড়ে একটি ট্রাক। মুহূর্তেই সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় নীল রঙের ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। প্রচণ্ড ধাক্কায় কয়েকটি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিকট শব্দে ছুটে আসা মানুষজন ও আহতদের আর্তনাদে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
দক্ষিণ কোরিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর পর চালক এটিকে লোকালয় থেকে দূরে সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যস্ত মার্কেটের ভিড়ে তা আর সম্ভব হয়নি। পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় চালক মাতাল ছিলেন না। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা জানতে ট্রাকটি জব্দ করে তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকাবহ পরিস্থিতি নেমে এসেছে বুচন শহরে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, তদন্ত শেষ হলেই প্রকৃত কারণ জানা যাবে।
আরটিভি/এসকে