images

আন্তর্জাতিক / অস্ট্রেলিয়া

এআই দিয়ে যৌন নিপীড়নের ছবি তৈরি, নিষিদ্ধ হলো ৩ ওয়েবসাইট

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম

অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক নগ্ন ছবি তৈরি করা তিনটি ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি মাসে প্রায় এক লাখ অস্ট্রেলীয় নাগরিক এসব সাইট ব্যবহার করত, যা স্কুলশিক্ষার্থীদের নিয়ে তৈরি বেশ কিছু আলোচিত ঘটনার সঙ্গে জড়িত ছিল। এই ভয়ংকর সাইটগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারির পর প্ল্যাটফর্মগুলো অস্ট্রেলিয়া থেকে তাদের সব ধরনের কার্যক্রম প্রত্যাহার করেছে।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

ই-সেফটি কমিশনার বলেন, এসব ন্যুডিফাই সেবা বাস্তব ব্যক্তির ছবিকে এআই ব্যবহার করে নগ্নভাবে দেখানোর সুযোগ দিত এবং এটি অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছিল।

আরও পড়ুন
8e

অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইনস্টাগ্রাম

গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেয় ই-সেফটি কমিশনারের দফতর। সতর্কবার্তায় জানানো হয়, শিশুদের যৌন শোষণমূলক ছবি তৈরির ঝুঁকি বন্ধে ব্যবস্থা না নিলে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হবে।

গ্র্যান্ট নিশ্চিত করেছেন, এআই মডেল হোস্টিং প্ল্যাটফর্ম হাগিং ফেসও অস্ট্রেলীয় আইন মেনে চলতে পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেবার শর্ত পরিবর্তন করে ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম অপব্যবহারের ঝুঁকি কমাতে বাধ্য করেছে।

অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়ে আসছে। দেশটি এরই মধ্যে ১৬ বছরের নিচে সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং স্টকিং বা ডিপফেক তৈরিতে ব্যবহৃত অ্যাপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

আরটিভি/এআর