অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইনস্টাগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৭:২৬ পিএম


অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ১৬ বছরের কম বয়সিদের ফেসবুক-ইনস্টাগ্রাম
সংগৃহীত ছবি

অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পথ বন্ধ হতে চলেছে। গত বছর পাস হওয়া একটি কঠোর আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর হতে শুরু করায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকে এই বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা ১৬ বছরের কম বয়সী হিসেবে শনাক্ত হওয়া আইডিগুলো সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করবে। আইডিতে যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর শনাক্ত হয়েছে, তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, ১০ ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে প্ল্যাটফর্মগুলোকে বড় অঙ্কের (৩২ মিলিয়ন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।

বিজ্ঞাপন

মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করছে। তবে মেটা এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা অনলাইনে নিরাপত্তা নিশ্চিতের নীতি সমর্থন করে, কিন্তু কিশোর-কিশোরীদের তাদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটা কোনো সমাধান নয়।

বার্তা সংস্থা এএফপিকে মেটা জানিয়েছে, ভুলবশত কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে ব্যবহারকারীরা ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণের মাধ্যমে যাচাইয়ের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে অন্য দেশগুলোরও আগ্রহ আছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন শিগগিরই পার্লামেন্টে একই ধাঁচের একটি বিল উপস্থাপন করতে যাচ্ছেন এবং নেদারল্যান্ডসের সরকারও ১৫ বছরের কম বয়সীদের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission