বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৭:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার ভিসামুক্ত বিদেশি পর্যটকদের জন্য এক কঠোর পদক্ষেপ নিতে চলেছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে গত পাঁচ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস প্রকাশ করতে বাধ্য করা হবে।
এএফপির খবরে জানা গেছে, ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই প্রস্তাবটি ৪২টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলো, যাদের নাগরিকদের সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হয় না।
বর্তমানে এসব দেশের ভ্রমণকারীদের কেবল ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন’ (এস্টা) নামে একটি ছাড়পত্রের জন্য আবেদন করতে হয়। কিন্তু প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ এস্টা আবেদনের একটি ‘বাধ্যতামূলক’ অংশে পরিণত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের গত পাঁচ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাসের পাশাপাশি আরও কিছু ‘উচ্চমূল্যের তথ্যক্ষেত্র’ জমা দিতে হবে। তার মধ্যে গত পাঁচ বছরের ফোন নম্বর, এক দশকের ইমেইল ঠিকানা,পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য।
এদিকে অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর করছে। এই প্রস্তাবের বিষয়ে জনসাধারণের মতামত জানানোর জন্য ৬০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টগুলোর আগে এই কঠোরতা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ফুটবল সমর্থকের প্রবেশকে আরও জটিল করে তুলবে।
আরটিভি/এআর