images

আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ১০:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আগ্রহী অভিবাসীদের জন্য দুঃসংবাদ এসেছে। এতদিন মার্কিন নাগরিককে বিয়ে করাকে গ্রিন কার্ড পাওয়ার অন্যতম সহজ পথ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে সেই প্রক্রিয়ায় কঠোর পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন।

একজন অভিজ্ঞ মার্কিন অভিবাসন আইনজীবীর বরাতে জানা গেছে, শুধু মার্কিন নাগরিককে বিয়ে করলেই আর গ্রিন কার্ড পাওয়ার নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) এখন বিবাহিত দম্পতিদের একসঙ্গে বসবাসের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করছে।

৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন জানান, ট্রাম্প প্রশাসনের অধীনে গ্রিন কার্ড প্রক্রিয়ায় নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়েছে। তাঁর মতে, স্বামী-স্ত্রী একই ছাদের নিচে নিয়মিত বসবাস করছেন কি না, সেটিই এখন মূল বিবেচ্য বিষয়। যারা আলাদা বসবাস করছেন, তাদের আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বার্নস্টাইন আরও বলেন, কাজ, পড়াশোনা বা আর্থিক সমস্যার অজুহাতে আলাদা থাকা হলেও ইমিগ্রেশন কর্মকর্তারা তা গ্রহণ করছেন না। তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন দম্পতিরা প্রকৃত অর্থে দাম্পত্য জীবন যাপন করছেন কি না।

তিনি সতর্ক করে জানান, একসঙ্গে বসবাস না করলে সংশ্লিষ্ট বিয়ে নিয়ে সন্দেহ দেখা দেয় এবং তদন্ত শুরু হয়। এমনকি তদন্ত কর্মকর্তাদের সরাসরি বাসায় হাজির হওয়াও আবেদন বাতিলের আশঙ্কা বাড়িয়ে দেয়।

ইউএসসিআইএস সূত্রে জানা গেছে, কেবল ঠিকানার তথ্য নয়, বরং সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করে নিশ্চিত করা হচ্ছে যে বিয়েটি কেবল অভিবাসন সুবিধা নেওয়ার উদ্দেশ্যে নয়। মার্কিন আইন অনুযায়ী, কোনো বিয়ে আইনিভাবে বৈধ হলেও যদি তা সদিচ্ছাহীন বলে প্রমাণিত হয়, তবে গ্রিন কার্ড আবেদন বাতিল করা হবে।

এদিকে, এই কঠোর নীতির অংশ হিসেবে গ্রিন কার্ড আবেদনকারীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ১৮ মাসে সীমিত করেছে ট্রাম্প প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ১৯টি ‘উদ্বেগজনক’ দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তাজনিত কয়েকটি ঘটনায় গ্রিন কার্ডধারীদের সম্পৃক্ততা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ‘ডিভি লটারি’ কর্মসূচিও স্থগিত করা হয়।

আরও পড়ুন
11

জন্মহার বাড়াতে চীনের নতুন কৌশল, চলছে বিতর্ক-হাসাহাসি

এই প্রেক্ষাপটে আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন পরামর্শ দিয়েছেন, যেসব বিবাহিত দম্পতি একত্রে বসবাস করছেন না, তারা গ্রিন কার্ডের জন্য আবেদন বা নথি জমা দেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর সঙ্গে পরামর্শ নিন।

আরটিভি/এসকে