মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৬:০৩ পিএম
ইরানের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে চলমান সংকট নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিরতা নিরসনে সংলাপ এবং পারস্পরিক আলোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খবর আল জাজিরার।
এদিকে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হামলায় পাকিস্তানের ভূমি ব্যবহারের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার স্পষ্ট করেছে যে তারা প্রতিবেশী ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।
আঞ্চলিক অস্থিতিশীলতা রোধে দুই প্রতিবেশী দেশের এই যোগাযোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে পাকিস্তান সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে তেহরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে।
আরটিভি/এআর