শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৪ পিএম
সিরিয়ার কৃষকদের প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে পাচারের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাসদস্যদের বিরুদ্ধে। ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে পুলিশি সূত্রের বরাতে জানানো হয়েছে, গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়া সীমান্তে অভিযানের সময় এই ঘটনা ঘটায়। এই নজিরবিহীন চুরির দায়ে ইতোমধ্যে একটি ইউনিটের কমান্ডারের চাকরিচ্যুতি এবং সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা আগে থেকেই ট্রাক প্রস্তুত করে রেখেছিল এবং সিরিয়ার ভেতরে থাকা ছাগলের পালটি ট্রাকে তুলে প্রথমে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে। পরবর্তীকালে সেগুলোকে পশ্চিম তীরের বেশ কয়েকটি অবৈধ আউটপোস্টের খামারে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে গোলান মালভূমির রাস্তায় কয়েক ডজন ছাগল উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় কৃষকরা সেনাবাহিনীকে খবর দিলে পুরো বিষয়টি জানাজানি হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনার তদন্তের পর পুরো টিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ২০০টি ছাগল ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে যেগুলোর কোনো টিকাদান বা আইনি পরিচয়চিহ্ন নেই। বাকি ছাগলগুলো সিরিয়ার সীমান্তের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল তার সামরিক উপস্থিতি এবং ভূখণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। সিরীয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী গত এক বছরে ইসরায়েল সেখানে এক হাজারেরও বেশি বিমান হামলা এবং ৪০০ বারের বেশি অনুপ্রবেশ ঘটিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলান মালভূমি দখলের পাশাপাশি এই ধরনের লুটপাটের ঘটনা ওই অঞ্চলের কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
আরটিভি/এআর