images

আন্তর্জাতিক

আল্পসে ভয়াবহ তুষারধসে ৮ স্কিয়ারের মৃত্যু

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৩:১০ পিএম

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় পৃথক তুষারধসের ঘটনায় একদিনেই আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) স্টাইরিয়া প্রদেশের মুরটাল জেলায় তিনজন চেক স্কিয়ার নিহত হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে।

ভারী তুষারপাতের পর গত সপ্তাহ থেকেই আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে।

পুলিশ জানায়, মুরটাল জেলায় সাতজন চেক স্কি ট্যুরারের একটি দল তুষারধসের কবলে পড়ে। এতে তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন
kabelo

মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে?

এর আগে, শনিবার সালজবুর্গের কাছের পঙ্গাউ এলাকায় আরেকটি তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দল আক্রান্ত হয়। এতে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন বলে উদ্ধারকারী সূত্রের বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একই এলাকায় আরও একটি তুষারধসে এক স্কিয়ার ভেসে যান।

পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজ আবারও একাধিক তুষারধস হয়েছে, যা দুঃখজনকভাবে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে। এই ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।

এর আগেও আল্পসে প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার বাদ গাস্টেইন রিসোর্টে অফ-পিস্ট স্কিইং করার সময় ১৩ বছর বয়সী এক চেক কিশোর তুষারধসে নিহত হয়। গত রোববার পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলের ভিয়ারবার্গে ৫৮ বছর বয়সী এক স্কি ট্যুরার প্রাণ হারান।

প্রতিবেশী সুইজারল্যান্ডে শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইং করার সময় এক জার্মান নাগরিক তুষারধসে নিহত হন এবং আরও চারজন আহত হন। পাশাপাশি গত সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন আল্পাইন রিসোর্টে তুষারধসে ছয়জন স্কিয়ারের মৃত্যু হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে