মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৯:১৩ এএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনো ব্যালট হাতে পাননি, তাদের দ্রুত নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
হাইকমিশনের তথ্যমতে, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। ভোটারদের দেওয়া ঠিকানা অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়ায় এবং ফোনে যোগাযোগ সম্ভব না হওয়ায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ভোটারের কাছে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট সংগ্রহ করে তা যথাযথ প্রক্রিয়ায় ফেরত না পাঠালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে।
এদিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে ইতোমধ্যে প্রায় ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য বৃহৎ পরিসরে ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ে সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়ে উঠছে।
হাইকমিশন প্রবাসী ভোটারদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, সময়মতো ব্যালট সংগ্রহ ও প্রেরণ নিশ্চিত করলেই কেবল তাদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগ সম্ভব হবে।
আরটিভি/এসকে