images

আন্তর্জাতিক

জাপানে আগ্নেয়গিরির কাছে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৭:৪৫ পিএম

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসো–এর কাছে একটি পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের দর্শনভ্রমণে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। তবে নির্ধারিত সময় শেষে সেটি আর ফিরে আসেনি। পরে বিকেল প্রায় ৪টার দিকে পুলিশের একটি হেলিকপ্টার মাউন্ট আসোর পাঁচটি শৃঙ্গের একটি নাকাদাকে আগ্নেয়গিরির গহ্বরের ভেতরে একটি উড়োজাহাজের মতো বস্তু দেখতে পায়। তবে সেটি নিখোঁজ হওয়া হেলিকপ্টার কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

নিখোঁজ হেলিকপ্টারটির পাইলট ছিলেন ৬৪ বছর বয়সী এক অভিজ্ঞ চালক, যার প্রায় ৪০ বছরের উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যাত্রী হিসেবে ছিলেন একজন পুরুষ ও একজন নারী, দুজনই তাইওয়ানের নাগরিক।

যুক্তরাষ্ট্রে তৈরি রবিনসন আর ৪৪ মডেলের এই হেলিকপ্টারটি সেদিন তৃতীয় দফার দর্শনভ্রমণে বের হয়েছিল। এর আগে দিনের প্রথম দুটি ফ্লাইটে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান তাকুমি এন্টারপ্রাইজ।

মঙ্গলবার নাকাদাকে এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সন্ধ্যার পর অনুসন্ধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। বুধবার (২১ জানুয়ারি) সকালে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

জিজি নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টার চলাচল বন্ধ রেখেছে।

আরও পড়ুন
soudi

রমজান উপলক্ষে যে কঠোর নির্দেশনা দিলো সৌদি আরব

দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোতো প্রদেশে অবস্থিত মাউন্ট আসোর আগ্নেয়ভূমির ওপর হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। তবে আগেও এখানে দুর্ঘটনার নজির রয়েছে। ২০২৪ সালে তাকুমি এন্টারপ্রাইজের একটি পর্যটকবাহী হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়, এতে তিনজন আহত হন।

মাউন্ট আসো সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে অগ্ন্যুৎপাত ঘটায়। সে সময় আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

আরটিভি/এমএইচজে