বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৮:০৪ পিএম
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত রাজনৈতিক মামলায় সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে মার্শাল ল জারিতে সহায়তা ও উসকানির দায়ে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২১ জানুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করেন। রায়ের পরপরই ৭৬ বছর বয়সী এই সাবেক শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় বিচারক লি জিন-গওয়ান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থেকেও হান শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সাংবিধানিক কর্তব্য উপেক্ষা করেছেন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের ২০২৪ সালের ডিসেম্বরে জারি করা মার্শাল ল ছিল সংবিধানবিরোধী এবং এটি কার্যত একটি বিদ্রোহের শামিল। ইউনের ঘোষণার পর রাজধানী সিউলসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়। জাতীয় সংসদ ও জাতীয় নির্বাচন কমিশনে সশস্ত্র বাহিনীর উপস্থিতি দেশজুড়ে তীব্র উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। বিরোধী দল নিয়ন্ত্রিত সংসদ দ্রুত পদক্ষেপ নিয়ে মার্শাল ল বাতিল করে।
বিচার চলাকালে হান সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি মার্শাল ল জারির পক্ষে ছিলেন না। তবে আদালত তার বক্তব্য গ্রহণ না করে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করেন। এ ছাড়া তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়।
এর আগে, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল মার্শাল ল–সংক্রান্ত ঘটনায় বিচার কাজে বাধা ও অন্যান্য অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। পাশাপাশি বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে আরেকটি মামলায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের আবেদন করেছে। সেই মামলার রায় আগামী ১৯ ফেব্রুয়ারি ঘোষণার কথা রয়েছে। সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর
আরটিভি/এমএইচজে/একে