শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৫:১৬ পিএম
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ বলে তকমা দিয়ে এক বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মনজুর আলম লস্কর (৩২)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার অন্তর্গত রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, বুধবার (২১ জানুয়ারি) রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় মনজুরকে হত্যা করা হয়। সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, মনজুর প্রায় এক দশক ধরে ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দীর্ঘদিন বসবাস ও কাজের পরও তাকে বারবার ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এলাকা ছাড়তে হুমকি দেওয়া হচ্ছিল।
পরিবারের দাবি, একপর্যায়ে মনজুরকে অপহরণ করা হয় এবং ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। গত মঙ্গলবার মনজুরের স্ত্রীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণের কথা জানানো হয়। স্বামীর প্রাণের আশঙ্কায় পরিবার কোনোভাবে ৬ হাজার রুপি জোগাড় করে অনলাইনে পাঠায়। তবে বুধবার রাতে পরিবারকে জানানো হয়, মনজুরকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর যিনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ও রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। তার দাবি, হিন্দুত্ববাদী উগ্রবাদী দুষ্কৃতিকারীরাই এ ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, যে অজ্ঞাত ব্যক্তি ফোন করে মুক্তিপণ দাবি করেছিল এবং তার সহযোগীরাই আমার ভাইকে খুন করেছে।
সংবাদমাধ্যম ও পরিবারের সূত্রে জানা যায়, হত্যার আগে মনজুরকে ‘বাংলাদেশি’ বলে তকমা দেওয়া হয় এবং পরে একটি চুরির মামলায় ফাঁসিয়ে মারধর করে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণ তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বর্তমানে টিডিপি-জেএসপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা ও রহস্যজনক মৃত্যুর একাধিক ঘটনার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল বলে দাবি রাজনৈতিক মহলের।
উস্থির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেছে, বিজেপি বা তাদের মিত্র দল পরিচালিত রাজ্যগুলোতে সংখ্যালঘু বাঙালি ভাষাভাষীদের চলাচল ঠেকাতে পরিকল্পিত সন্ত্রাস চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নরেন্দ্র মোদি সরকার ব্যর্থ। বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, ‘আর কত মায়ের সন্তান প্রাণ হারালে তাদের টনক নড়বে?’ দলটি এই ঘটনাকে ‘নিষ্ঠুর ও ক্ষমার অযোগ্য’ বলে আখ্যা দিয়েছে।
আরটিভি/এসকে