সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০১:৩২ পিএম
ইথিওপিয়া দ্রুত নগরায়নের পথে এগিয়ে যাচ্ছে। শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কর্মসংস্থানের চাহিদাও বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত ‘ইথিওপিয়া আরবান ইনস্টিটিউশনাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইউআইআইডিপি) দেশের ১১৭টি শহরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে, যার ফলে ১১ লাখ ৫০ হাজারের বেশি মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে।
২০১২ সালে শহরে বসবাসকারীর সংখ্যা ছিল প্রায় ১.৫ কোটি, যা ২০৩৪ সালের মধ্যে বেড়ে ৪ কোটি ২০ লাখ ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এমন বিশাল জনসংখ্যার জন্য কর্মসংস্থান এবং নাগরিক সেবার যোগান দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউআইআইডিপি এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশ্বব্যাংক, ইথিওপিয়া সরকার ও ফরাসি উন্নয়ন সংস্থার যৌথ সহায়তায় ৮৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে, যার মাধ্যমে শহরগুলো নিজেদের উন্নয়ন পরিকল্পনা স্বায়ত্তশাসিতভাবে নিতে পারছে। প্রশিক্ষণ ও আধুনিক আর্থিক ব্যবস্থাপনার কারণে শহরের রাজস্ব বৃদ্ধি পেয়ে নতুন অবকাঠামো ও কর্মসংস্থান সম্ভব হয়েছে।
নারীদের অংশগ্রহণ বাড়ানোও প্রকল্পটির অন্যতম লক্ষ্য ছিল। জনপরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের সম্পৃক্ত করার ফলে শহর প্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে ২৭০০ কিলোমিটারের বেশি সড়ক নির্মাণ ও সংস্কার, পাশাপাশি ২৭০০ হেক্টর পরিকল্পিত জমি উন্নয়ন করা হয়েছে। এতে ৯ লাখের বেশি অস্থায়ী ও ২ লাখের বেশি স্থায়ী চাকরি সৃষ্টি হয়েছে, যাদের প্রায় অর্ধেক নারী।
নতুন সড়ক ও উন্নত নগর সুবিধার কারণে ছোট ও মাঝারি ব্যবসা গড়ে উঠছে, যা বিনিয়োগের আকর্ষণ বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাচ্ছে। করোনা মহামারি ও আঞ্চলিক সংঘাত সত্ত্বেও নমনীয় পরিকল্পনা ও তদারকির মাধ্যমে কাজ অব্যাহত রাখা সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইথিওপিয়ার এই অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্য দিকনির্দেশক হতে পারে। পরিকল্পিত নগর উন্নয়ন কর্মসংস্থানের বড় উৎস হিসেবে কাজ করে শহরের উন্নয়ন নিশ্চিত করা যায় এবং জনগণ সরাসরি উপকৃত হয়।
আরটিভি/এসকে