images

আন্তর্জাতিক

কর্মীদের বিয়ের জন্য উৎসাহ দিতে দুবাইয়ের ধনকুবেরের অভিনব ঘোষণা

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৩:৫৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) তরুণদের বিয়ে ও পরিবার গঠনে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ধনকুবের খালাফ আহমদ আল হাবতুর। তিনি ঘোষণা দিয়েছেন, চলতি বছরে যেসব আল হাবতুর গ্রুপের কর্মী বিয়ে করবেন, তাদের প্রত্যেককে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা) ‘ম্যারেজ গ্র্যান্ট’ দেওয়া হবে।

এমনকি বিয়ের পর দুই বছরের মধ্যে সন্তান হলে এই আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে বলেও জানানো হয়েছে। এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টের মাধ্যমে দেওয়া হয়।

খালাফ আহমদ আল হাবতুর বলেন, “বিয়ে ও পরিবার গঠন শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। শক্তিশালী পরিবারই একটি শক্তিশালী জাতি গড়ে তোলে।” তিনি আরও বলেন, সরকার তরুণদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমাজের প্রতিটি স্তর থেকে বাস্তব উদ্যোগ নেয়া প্রয়োজন, আর সেই ভাবনাই তার এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

খালাফ আল হাবতুর পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, শুধু দর্শক হয়ে থাকলে চলবে না, সবাইকে সমাধানের অংশ হতে হবে। শক্তিশালী পরিবার গড়ে তোলে ঐক্যবদ্ধ সমাজ ও শক্তিশালী রাষ্ট্র।

আরও পড়ুন
facebook,youtube-nd-tiktok

শিশুদের মানসিক ক্ষতির অভিযোগে ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

১৯৭০ সালে প্রতিষ্ঠিত আল হাবতুর গ্রুপ বর্তমানে হসপিটালিটি, অটোমোবাইল, রিয়েল এস্টেট, শিক্ষা ও প্রকাশনা খাতে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে হাজার হাজার কর্মী কাজ করছেন এবং খালাফ আল হাবতুর গ্রুপের পাশাপাশি তিনি দুবাই ন্যাশনাল ইনস্যুরেন্স অ্যান্ড রিইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান।

এছাড়াও, তিনি ইউএই ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।দুবাইয়ের এই উদ্যোগ তরুণদের মধ্যে বিয়ে ও পরিবার গঠনে উৎসাহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে