images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ‘বোম্ব সাইক্লোন’ আঘাত হানার আশঙ্কা

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৯:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়াবিদরা। শীতকালীন এই ঝড় ক্যারোলিনা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঝড়টির প্রভাবে হারিকেনের মতো প্রবল বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক ঠাণ্ডা পরিবেশ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড় জীবনহানিকর পরিস্থিতির কারণ হতে পারে। এতে উপকূলীয় এলাকায় বন্যার ঝুঁকি, যাতায়াতে বাধা এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

‘বোম্ব সাইক্লোন’ বা বোমোজেনেসিস হলো শীতকালের একটি অত্যন্ত শক্তিশালী ঝড় যা স্বল্প সময়ে ভয়ঙ্কর আকার ধারণ করে। সাধারণত কোনো ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের চাপ কম থাকে, আর চাপ যত কমে ঝড় ততই শক্তিশালী হয়।

যখন কোনো ঝড়ের কেন্দ্রের বাতাসের চাপ ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়, তখন সেই ঝড়কে ‘বোম্ব সাইক্লোন’ বলা হয়। এটি ঘটে যখন আর্কটিক অঞ্চলের প্রচণ্ড ঠাণ্ডা বাতাস সমুদ্রের গরম বাতাসের সাথে মিশে ঝড়টির শক্তি বিস্ফোরক গতিতে বৃদ্ধি পায়।

আরও পড়ুন
9

মদিনায় ২১ লাখ গাছ রোপণ করল সৌদি আরব

বোম্ব সাইক্লোনের নামকরণ এর শক্তির দ্রুত বৃদ্ধি এবং বোমার মতো বিস্ফোরণের সঙ্গে তুলনা করে করা হয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেছেন, এটি এমন এক ঝড় যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আবহাওয়া সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে