শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৬ পিএম
ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলায় পুলিশের বাড়িতে ধারাবাহিক চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দীপেশ শুধু পুলিশ সদস্যদের বাড়ি নিশানা করতেন।
খণ্ডওয়া জেলার পুলিশ জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে পুলিশ লাইন্স এলাকার কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরি হয়। কয়েক লাখ টাকার গয়না ও নগদ অর্থ লোপাট হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত দীপেশ আলরাজপুর জেলার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে ৩০ হাজার রুপি নগদ এবং কিছু গয়না উদ্ধার করেছে। তার পলাতক সহযোগীদের খোঁজের জন্য জাবুয়া, ধার ও আলিরাজপুর জেলায় তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ তাকে ধরার সময় তিনি ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন, ফলে হাত ও পায়ে চোট পান। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে খাণ্ডওয়া আদালতে হাজির করা হয় এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
খাণ্ডওয়া অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকরের মতে, এটি কোতওয়ালি থানার বড় সাফল্য। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও চুরির ঘটনা এবং পলাতক সহযোগীদের খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে আলিরাজপুরে এক পুলিশ সদস্যের হাতে মারধরের শিকার হয়েছিলেন দীপেশ। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে তিনি শুধুমাত্র পুলিশ সদস্যদের বাড়িতেই চুরি করতেন। খাণ্ডওয়া স্টেশন হাউস অফিসার প্রভীন আর্য বলেন, চুরি করার আগে দীপেশ পুলিশ লাইন্সের আশেপাশে ফেরিওয়ালার ছদ্মবেশে ঘোরাফেরা করে রেকি করতেন এবং রাতের সময় চুরি করতেন।
অভিযুক্তের আরও দুই সহযোগী রমেশ ও ভুরালিয়া এখনও পলাতক রয়েছেন।
আরটিভি/এসকে