রোববার, ২২ মার্চ ২০২৬ , ১২:৫১ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ২৩ দিনে গড়িয়েছে। যুদ্ধের প্রথম আঘাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করা হয়। এছাড়া দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে ব্যর্থ হয়ে একের পর এক শীর্ষ নেতা ও কমান্ডারদেরও লক্ষ্যবস্তু করছে ওয়াশিংটন ও তেল আবিব।
তবে দমে যাওয়ার পাত্র নয় তেহরানও। ইসরায়েলের অভ্যন্তরে এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী পাল্টা হামলা চালিয়ে শত্রুপক্ষকে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশটি।
এ অবস্থায় ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। অত্যন্ত শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়। খবর বিবিসির।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থার তথ্যমতে, এই হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। এই আঘাতের ফলে শহরটির বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আরাদ শহরের এই হামলার পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত ডিমোনাতেও আঘাত হেনেছে ইরান। শহরটি ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। ডিমোনাতে হওয়া এই শক্তিশালী বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পারমাণবিক কেন্দ্রের এত কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা মহলে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে জরুরি কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেশজুড়ে মানুষকে কঠোর নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়ে বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
আরটিভি/এআর