সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০১:০৮ পিএম
কাতারের পর এবার ইরানের কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব। দেশটির ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের ‘সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
রিয়াদের পক্ষ থেকে এমন এক সময়ে এ সিদ্ধান্ত এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ঘিরে অঞ্চলটির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালাচ্ছে আক্রান্ত ইরান।
তেহরানের দাবি, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। তবে ইরানের হামলায় দেশগুলোর বেসামরিক কেন্দ্র ও জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানিবাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।
রিয়াদ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবে হামলা চালিয়েছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। হামলায় দেশটির পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা ও রাজধানী রিয়াদ বারবার লক্ষ্যবস্তু হয়েছে। চলতি মাসের শুরুতে রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলাও চালানো হয়।
এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের সকল কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি।
মূলত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধান গ্যাস স্থাপনা 'রাস লাফান'-এ তেহরানের পাল্টা হামলার পর থেকেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে।
আরটিভি/এআর