images

আন্তর্জাতিক

২ লাখ টাকা খরচ করে কুকুরছানাকে স্কুলে ভর্তি করলেন নারী

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৭:২৯ পিএম

চীনে এক নারী তার পোষা কুকুরছানাকে একটি কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন। ছয় মাস বয়সী কুকুরছানাটি স্যাময়েড প্রজাতির। সাদা রঙের লম্বা লম্বা লোমের স্যাময়েড প্রজাতির কুকুর দেখতে খুবই সুন্দর, আচরণও বন্ধুত্বপূর্ণ।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, ওই নারী তার কুকুরছানাকে আচার-আচরণ শিখতে ও ইশারা বুঝতে পারা শেখাতে কুকুরদের ওই কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন। এ জন্য তাকে ১২ হাজার ইউয়ান খরচ করতে হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ টাকার বেশি।

এই ‘ডগ কিন্ডারগার্টেন’-এ কুকুরটির স্বভাব ও আচরণ বুঝতে আলাদা পরীক্ষা নেওয়া হয়। অতিরিক্ত ঘেউ ঘেউ করা বা আক্রমণাত্মক আচরণ কমাতে দেওয়া হয় প্রশিক্ষণ। পাশাপাশি অন্যান্য কুকুরের সঙ্গে মেলামেশার জন্য আয়োজন করা হয় বিভিন্ন সামাজিক কার্যক্রম।

সেবার অংশ হিসেবে প্রতিদিন কুকুরটিকে বাড়ি থেকে নিয়ে যাওয়া ও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এছাড়া মালিকরা অনলাইনে সরাসরি তাদের পোষ্যের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পান। খাবারের খরচ অবশ্য আলাদাভাবে দিতে হয়।

কুকুরটির মালিক, ‘তাওতাও’ নামে পরিচিত ওই নারী জানান, ব্যস্ত কর্মজীবনের কারণে তিনি পোষা প্রাণীর জন্য যথেষ্ট সময় দিতে পারেন না। তাই উন্নত যত্ন ও প্রশিক্ষণের জন্য এই সেবাটি বেছে নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চীনে পোষা প্রাণী নিয়ে এমন ব্যয়বহুল সেবার চাহিদা দ্রুত বাড়ছে। অনেকেই এখন তাদের পোষ্যকে পরিবারের সদস্য হিসেবে দেখছেন এবং তাদের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতেও দ্বিধা করছেন না।

আরও পড়ুন
KITKAT

ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি, সরবরাহে শঙ্কা

২০২৬ সালের চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার অনুযায়ী, ২০২৫ সালে চীনের শহরাঞ্চলে পোষা প্রাণী খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৩১২ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান (প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০২৮ সালের মধ্যে ৪০৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যেতে পারে।

এদিকে ঘটনাটি চীনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, এমন খরচ করতে হলে আয় কত হতে হবে! আবার কেউ কেউ বলেছেন, অনেকে নিজের সন্তানের পড়াশোনার পেছনেও এত টাকা খরচ করেন না।

আরটিভি/এমএইচজে