images

আন্তর্জাতিক

‘যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে পাকিস্তান’

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৪:৫৪ পিএম

পাকিস্তান যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবীদ ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১২ এপ্রিল পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দেন।

পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের গোলাম উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যার পর এখন ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বে এ অপশক্তি অশান্তি সৃষ্টি করছে, অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাঁবেদারি করে যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার নামে তারা একদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে এসব অপতৎপরতার মাধ্যমে দেশের সমস্যার বিষয়ে জনগণকে বোকা বানিয়ে রেখেছে।

আরও পড়ুন
2

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের ভয়াবহ হামলা

তিনি আরও বলেন, পাকিস্তানের পতাকাবাহী ১০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার দাবি করেছে সরকার। তাহলে দেশে তেলের দাম বাড়ানোর কী দরকার ছিল? না-কি পাকিস্তানকে ব্যবহার করে এসব তেল অন্য দেশে নেওয়া হয়েছে। আদৌ এসব জাহাজ করাচি এসেছে কি না, যদি আসে তাহলে এগুলো খালাস হয়েছে কি না তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে প্রভাবশালী এ রাজনীতিবীদ বলেন, হরমুজ প্রণালী এখন পুলসিরাতের মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন ১০ জনকে পুলসিরাত পার করাতে পারবে তেমনি আমাদের সেনাপ্রধান ১০টি জাহাজ পার করে এনেছেন। এগুলো জাতির সঙ্গে তামাশা। কোনো সভ্য সমাজে এগুলো করতে দেওয়া যায় না।

ফজলুর রহমান বলেন, যেখানে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই একা হয়ে পড়েছে, সেখানে আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের খুশি করতে এখনও গোলামি করে যাচ্ছে। এ সরকারের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই।

এছাড়া সংবাদ সম্মেলনে প্রতিবেশী দুই দেশ; আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তান সরকারের ভুলনীতিরও সমালোচনা করেন তিনি। সূত্র: এক্সপ্রেস নিউজ উর্দু

আরটিভি/এমএইচজে