মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৫:৩৩ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ডেডলাইনের মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তিনিসহ দেশটির এক কোটি ৪০ লাখ নাগরিক যুদ্ধে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। তিনি বলেন, ‘১৪ মিলিয়নের বেশি ইরানি আত্মোৎসর্গের জন্য প্রস্তুতি ঘোষণা করেছে। আমিও ছিলাম, আছি এবং ইরানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত থাকব।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি। খবর গালফ নিউজের।
তিনি এই বক্তব্য এমন এক সময় দিয়ছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়েছেন-হরমুজ প্রণালি নিয়ে অবস্থান শিথিল না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। ইরানের মোট জনসংখ্যা প্রায় ৯ কোটি। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে স্বেচ্ছাসেবকের সংখ্যা কম উল্লেখ করা হলেও এবার এক কোটি ৪০ লাখের এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। এই বড় সংখ্যা তুলে ধরা মূলত সম্ভাব্য মার্কিন হামলাকে নিরুৎসাহিত করার একটি কৌশল হতে পারে, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা।
তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ ও দমন-পীড়নের কারণে জনমনে অসন্তোষও রয়েছে। সেই প্রেক্ষাপটে এত বিপুলসংখ্যক মানুষের আত্মত্যাগের প্রস্তুতির দাবি কতটা বাস্তব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরটিভি/এসএস