images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৯:০৭ এএম

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ইরান-সংযুক্ত সাইবার হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর

যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠীগুলো ইন্টারনেট-সংযুক্ত শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমকে লক্ষ্যবস্তু করছে। এর মধ্যে রয়েছে কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনায় ব্যবহৃত প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব হামলার কারণে ইতোমধ্যেই কিছু ক্ষেত্রে অপারেশনাল ব্যাঘাত ও আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছে। হ্যাকাররা ডেটা ও কন্ট্রোল ডিসপ্লে বিকৃত করে সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে বলেও জানিয়েছে সিআইএসএ।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের নেটওয়ার্ক, সংযুক্ত ডিভাইস এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা দ্রুত পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রথম ধাপের কার্যক্রম CyberAv3ngers নামের একটি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা মহলের মতে, এই গোষ্ঠীটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাইবার ইলেকট্রনিক কমান্ডের সঙ্গে সংশ্লিষ্ট। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় না খোলে, তাহলে আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।

ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেতরেই তার মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে।

ট্রাম্পের এই বক্তব্যের পর তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবিও উঠেছে। ২০১৭ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা অ্যান্থনি স্কারামুচি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সতর্ক হোন! তিনি পারমাণবিক হামলার ডাক দিচ্ছেন। অবিলম্বে তাকে অপসারণ করুন।

আরও পড়ুন
IRAN-ND-USA

আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ১০ দফা প্রস্তাব

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি, সামরিক উত্তেজনা এবং সাইবার হামলার অভিযোগ সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে এর প্রভাব জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তার ওপরও পড়তে পারে।

আরটিভি/এসকে