শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ১০:৩০ পিএম
আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) জরুরি বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে উত্তর আরব সাগরে অভিযানটি পরিচালিত হয়। বিপদগ্রস্ত ‘এমভি গোল্ড অটাম’ নামের জাহাজ থেকে মোট ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নাবিক রয়েছেন বা তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিপদ সংকেত পাওয়ার পর প্রথমে পিএমএসএ তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সক্রিয় করে। পরে দ্রুত সহায়তা পৌঁছাতে কুইক রেসপন্স কার্যক্রম শুরু করা হয়।
নির্ধারিত এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে পাঠানো হয়।
উদ্ধারকৃত নাবিকদের পরবর্তীতে চিকিৎসার জন্য করাচিতে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তান নৌবাহিনী এই অভিযানকে তাদের পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: সামা টিভি ও আল জাজিরা
আরটিভি/এসকে