images

আন্তর্জাতিক

উগান্ডায় বন্য শিম্পাঞ্জিদের মধ্যে প্রাণঘাতী ‘গৃহযুদ্ধ’, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:৩৮ পিএম

উগান্ডার কিবালে ন্যাশনাল পার্কে বন্য শিম্পাঞ্জিদের একটি বৃহৎ দলে বিরল ও উদ্বেগজনক বিভাজনের ঘটনা সামনে এসেছে। একসময় একই গোষ্ঠীর সদস্য থাকা শিম্পাঞ্জিরা এখন দুই শিবিরে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ঘটনাটিকে বিজ্ঞানীরা ‘গৃহযুদ্ধ’-সদৃশ বলে বর্ণনা করলেও এর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নগোগো শিম্পাঞ্জি সম্প্রদায়, যেখানে প্রায় ২০০টি শিম্পাঞ্জি ছিল, ২০১৫ সালের দিকে ধীরে ধীরে বিভক্ত হতে শুরু করে। প্রথমে বিষয়টি খুব সূক্ষ্ম ছিল। ছোট ছোট উপদল তৈরি হয় এবং কয়েকটি প্রাপ্তবয়স্ক পুরুষ শিম্পাঞ্জির মধ্যে শক্ত জোট গড়ে ওঠে।

সময়ের সঙ্গে এই বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০১৮ সালের মধ্যে দলটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং আগের সামাজিক সম্পর্ক প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে।

এরপর থেকেই শুরু হয় সহিংসতা। গবেষকরা পরিকল্পিত দলীয় হামলা, পূর্ণবয়স্ক পুরুষ শিম্পাঞ্জিকে হত্যা এবং এমনকি শিশু শিম্পাঞ্জি হত্যার ঘটনাও নথিভুক্ত করেছেন।

নৃতত্ত্ববিদ অ্যারন স্যান্ডেল বলেন, বিভক্ত হওয়ার পর একদল অন্য দলের সদস্যদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুরু করে, যা পরে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

হুমকির মুখে বিশ্বের বিলাসবহুল সুগন্ধি তৈরির উপাদান ‘মির’ গাছ

ঘটনাটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো— এরা পরস্পরের কাছে অপরিচিত নয়। একসময় তারা একই দলে বসবাস করত, একসঙ্গে চলাফেরা করত এবং একই এলাকা ভাগাভাগি করে ব্যবহার করত।

বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, কী কারণে এই ভাঙন শুরু হয়েছিল। সম্ভাব্য কারণ হিসেবে দলের অস্বাভাবিক বড় আকার, খাদ্য ও সঙ্গী নিয়ে প্রতিযোগিতা, নেতৃত্বের পরিবর্তন এবং শ্বাসতন্ত্রের রোগের প্রাদুর্ভাবকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

গবেষকদের মতে, এই ঘটনা সামাজিক কাঠামোর ভঙ্গুরতার একটি স্পষ্ট উদাহরণ। সম্পদের ওপর চাপ বাড়লে সহযোগিতার সম্পর্ক দ্রুত ভেঙে পড়তে পারে এবং তার পরিণতি হতে পারে মারাত্মক।

জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল সংকটের এই সময়ে ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পরিবেশগত চাপ বাড়লে মানুষ ও প্রাণী উভয়ের মধ্যেই সীমিত সম্পদ নিয়ে প্রতিযোগিতা তীব্র হতে পারে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে