শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০১:০৮ পিএম
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নারী ও কিশোরীদের ওপর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী সংস্থা। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানে ৩৮ হাজারের বেশি নারী ও কিশোরী প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে প্রায় ২২ হাজার নারী এবং ১৬ হাজার কিশোরী রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ৪৭ জন নারী ও কিশোরী নিহত হয়েছেন বলে জানানো হয়।
যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি বলে সতর্ক করেছে সংস্থাটি। সাম্প্রতিক সময়েও নারী ও কিশোরীদের প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সময় প্রায় ১১ হাজার নারী ও কিশোরী গুরুতর আহত হয়েছেন। যাদের অনেকেরই স্থায়ী প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ আটকে আছে এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থা ভেঙে পড়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
জাতিসংঘের আঞ্চলিক পরিচালক মোয়েজ দোরাইদ বলেন, এই যুদ্ধ নারীদের জীবন সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। বহু পরিবার এখন নারীদের নেতৃত্বে টিকে আছে। যেখানে তারা একই সঙ্গে জীবিকা ও পরিবারের দায়িত্ব বহন করছেন।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করা, আন্তর্জাতিক আইন মানা এবং নারী ও কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মানবিক সহায়তা দ্রুত ও বাধাহীনভাবে পৌঁছাতে হবে।
জাতিসংঘ জানিয়েছে, তারা গাজায় নারী নেতৃত্বাধীন সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের সহায়তায় বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: জাতিসংঘ/ জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা
আরটিভি/জেএমএ