images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরীতে অগ্নিকাণ্ড, ৩ নাবিক আহত

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৮:২৬ পিএম

চলতি বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিশাল বিমানবাহী রণতরীতে (সুপারক্যারিয়ার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) 'ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার' (সিভিএন-৬৯) নামের ওই যুদ্ধজাহাজে আগুন লাগে। এতে তিন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

জাহাজের ঠিক কোথায় আগুন লেগেছিল, তা নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তবে ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার নরফোক নেভাল স্টেশনে। রণতরীটি তখন তার নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রক্রিয়ার মধ্যে ছিল। সাধারণত কোনো যুদ্ধজাহাজকে মেরামত বা আধুনিকায়নের জন্য কিছুদিনের জন্য সাগরের অভিযান থেকে বিরত রেখে ডকইয়ার্ডে রাখা হয়।

সর্বশেষ অভিযান শেষে ঠিক এ কারণেই গত ১৬ মাস ধরে মার্কিন নৌবাহিনীর ওই ডকইয়ার্ডে পড়ে আছে 'ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার'।

মার্কিন নৌবাহিনীর মুখপত্র ইউএসএনআই নিউজকে দেওয়া এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, ১৪ এপ্রিল ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারে ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে জাহাজের নিজস্ব কর্মী এবং নরফোক নেভি শিপইয়ার্ডের কর্মীরা তাদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। জাহাজের চিকিৎসকদের মাধ্যমে তিন নাবিককে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

আরও পড়ুন
15

ফের হরমুজ বন্ধ করল ইরান

উল্লেখ্য, মাত্র এক মাস আগেই মার্কিন নৌবাহিনীর আরেকটি রণতরী 'ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড'-এ (সিভিএন-৭৮) বেশ বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুন নেভাতে সময় লেগেছিল প্রায় ৩০ ঘণ্টা এবং এর কারণে রণতরীটির স্বাভাবিক কার্যক্রম দুই দিনের জন্য স্থবির হয়ে পড়েছিল। ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে মেরামত শেষে চলতি সপ্তাহেই এটি আবার পূর্ব ভূমধ্যসাগরে তার অভিযানে ফিরেছে।

আরটিভি/এসএস