images

আন্তর্জাতিক

এবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৮:০২ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ইরান যুদ্ধ নিয়ে সরাসরি মন্তব্য করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সোমবার (২০ এপ্রিল) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি এসব কথা বলেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি স্বাভাবিক নৌ চলাচলের জন্য সব সময় উন্মুক্ত থাকা উচিত। তবে এ বিষয়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেননি।

শি জিনপিং বলেন, চীন তাৎক্ষণিক ও সর্বাত্মক যুদ্ধবিরতি চায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দ্বারা একটি ইরানি জাহাজ 'জোরপূর্বক আটক' করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। শির এই মন্তব্য সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসে।

গত সপ্তাহেও শি জিনপিং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার পথে। একই সময় আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি সতর্ক করে বলেন, বিশ্বকে জঙ্গলের আইনে ফিরে যেতে দেওয়া যাবে না।

আরও পড়ুন
Web-Image---Copy

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করল যুক্তরাষ্ট্র

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেন, শি জিনপিং তাকে একটি 'সুন্দর চিঠি' পাঠিয়েছেন। সেখানে চীন ইরানে অস্ত্র সরবরাহ করছে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে চীন সন্তুষ্ট।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্যমতে, ২০২৫ সালে ইরান থেকে রপ্তানিকৃত তেলের ৮০ শতাংশেরও বেশি চীন কিনেছে, যা দেশটিকে ইরানের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে। সূত্র: ফোর্বস

আরটিভি/এমএইচজে