মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৮:৫৯ এএম
ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র অপমানিত বোধ করছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
সোমবার (২৭ এপ্রিল) মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। খবর আল জাজিরার।
চ্যান্সেলরের মতে, যুদ্ধে তেহরান এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের সামনে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। বর্তমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রকে একটি গভীর কৌশলগত সমস্যায় পড়তে হয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ওয়াশিংটনের সামরিক কৌশলের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করতে গিয়ে মের্ৎস বলেন, একটি সংঘাতে জড়িয়ে পড়া খুব সহজ কাজ, কিন্তু সেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন।
যুক্তরাষ্ট্রের বিগত কয়েক দশকের সামরিক অভিযানের ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যা দেখেছে, তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। দীর্ঘ ২০ বছর সেখানে যুদ্ধ করেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কার্যত কোনো বড় অর্জন ছাড়াই ফিরতে হয়েছে। একইভাবে ইরানের সঙ্গে সংঘাতেও যুক্তরাষ্ট্র সেই একই অনিশ্চিত চক্রে আটকা পড়ছে বলে তিনি ইঙ্গিত দেন।
মের্ৎস দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধের কারণে জার্মানির অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়ছে। জ্বালানি সংকট এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতি ইউরোপের দেশগুলোকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে।
তিনি আরও বলেন, এই যুদ্ধ কেবল সামরিক শক্তির পরীক্ষা নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় বোঝা। বিপুল পরিমাণ অর্থ এই যুদ্ধে ব্যয় করতে হচ্ছে, যা অন্য যেকোনো উন্নয়নমূলক খাতে ব্যবহার করা যেত।
আরটিভি/এআর