images

আন্তর্জাতিক

উড়োজাহাজে জন্ম নিল কন্যাশিশু, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১২:২০ পিএম

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে অবতরণের কিছুক্ষণ আগে এক যাত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে সহযাত্রী দুই প্যারামেডিক জুতার ফিতা ব্যবহার করে নবজাতকের নাড়ি বাঁধেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে। অ্যাটলান্টা থেকে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে প্রসববেদনায় আক্রান্ত হন যাত্রী অ্যাশলি ব্লেয়ার। তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা।

ফ্লাইটে থাকা দুই প্যারামেডিক টিনা ফ্রিটজ ও কারিন পাওয়েল দ্রুত এগিয়ে এসে সহায়তা করেন। চিকিৎসা সরঞ্জাম না থাকায় তারা যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন এবং জরুরি পরিস্থিতিতে জুতার ফিতা ব্যবহার করে নাড়ি বাঁধেন।

ফ্লাইটটিতে মোট ১৫৩ জন যাত্রী ছিলেন। নবজাতকের জন্মের পর সেই সংখ্যা দাঁড়ায় ১৫৪ জনে। শিশুটির ওজন ছিল প্রায় ৫.৫ পাউন্ড। তার নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার।

জানা গেছে, শিশুটি নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই জন্ম নেয়। মা অ্যাশলি মূলত নিজের মায়ের কাছে সন্তান প্রসবের উদ্দেশ্যে ওরেগন যাচ্ছিলেন। কিন্তু পোর্টল্যান্ডে পৌঁছানোর প্রায় ৩০ মিনিট আগে তার প্রসববেদনা শুরু হয়।

বিমানে জরুরি পরিস্থিতি তৈরি হলে আশপাশের যাত্রীদের সরিয়ে জায়গা খালি করা হয় এবং ক্রু ও সহযাত্রীরা একসঙ্গে সহায়তা করেন। অবতরণের ঠিক আগ পর্যন্ত চিকিৎসা সহায়তা চলতে থাকে।

অবতরণের পর পোর্টল্যান্ড এয়ারপোর্ট ফায়ার অ্যান্ড রেসকিউ দল মা ও নবজাতককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়।

আরও পড়ুন
INDIA-BANK

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, যাত্রী ও ক্রুদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের কারণে মা ও শিশু উভয়েই নিরাপদ আছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছে।

ঘটনার পর প্যারামেডিক টিনা ফ্রিটজ বলেন, মনে হচ্ছে আমরা এখন আজীবনের বন্ধু হয়ে গেছি।
সূত্র: সিএনএন

আরটিভি/এসকে