images

আন্তর্জাতিক

লেবাননে আবারও ইসরায়েলের হামলা, নিহত ১১

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৭:২১ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে আজ বুধবার ভোর পর্যন্ত তারা কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে, যার কিছু হামলা তাদের কথিত ‘ইয়েলো লাইন’-এর অনেক উত্তরে হয়েছে। এই লাইনটি দক্ষিণ লেবাননের সেই অংশ, যেটা তারা দখলে রেখেছে বা আকাশপথ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি ছিল ‘ডাবল ট্যাপ’ হামলা যাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ছিলেন সিভিল ডিফেন্স কর্মী, যারা আগের একটি হামলার পর বেঁচে থাকা লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। এই হামলায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন।

ডাবল-ট্যাপ হামলা হলো একটি আক্রমণের (যেমন ক্ষেপণাস্ত্র হামলা, বিমান হামলা, আর্টিলারি শেলিং বা বিস্ফোরক অস্ত্র বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ) কয়েক মিনিট পরে একই স্থানে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় আঘাত হানার কৌশল, যা সাধারণত হতাহতের সংখ্যা সর্বাধিক করার জন্য করা হয়।
 
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং প্রেসিডেন্ট যোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে এটাকে নতুন একটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, যুদ্ধবিরতি মানতে ইসরাইলি সেনাবাহিনীকে বাধ্য করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
 
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার দক্ষিণ লেবাননে চালানো তাদের হামলার সর্বশেষ পরিস্থিতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, তাদের বাহিনী তিনজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং অঞ্চলজুড়ে গোষ্ঠীটির অবকাঠামোতে বোমা হামলা চালিয়েছে।

তারা নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবাননে ‘ইয়েলো লাইন’-এর উত্তরে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরেও বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, একটি ঘটনায় একজন ইসরাইলি সেনা ‘সামান্য আহত হন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়’।
 
বিমান হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী আর্টিলারি হামলা ও ধ্বংসযজ্ঞও চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে, আল-কানতারা শহরে বড় বড় বিস্ফোরণ ঘটানো হচ্ছে, যেখানে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন
tgyh

ভারতে ৯০ বছর বয়সী বৃদ্ধাকে ২০ বছর অপেক্ষার নির্দেশ হাইকোর্টের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রায় এক দশক ধরে নির্মিত বিশাল হিজবুল্লাহ টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় ছিল আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ। ইসরায়েল বলছে, এটি ইরানের সহায়তায় তৈরি ‘বৃহৎ সামরিক স্থাপনা’, যা ধ্বংসের মাধ্যমে তারা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হেনেছে।

আরটিভি/এসএস