images

আন্তর্জাতিক

ইরানপন্থি হ্যাকারদের নজরদারিতে ২ হাজার ৪০০ মার্কিন সেনা

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৮:৫৫ এএম

পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহীনির সদস্যদের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা সাইবার গোষ্ঠী ‘হানদালা’। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানায়, তারা ২ হাজার ৩৭৯ জন মার্কিন মেরিনের নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা টেলিগ্রামে এসব তথ্য শেয়ার করে নিজেদের ‘নজরদারি সক্ষমতার’ প্রমাণ হিসেবে তুলে ধরেছে।

ইরাকভিত্তিক শাফাক নিউজ জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। সে বার্তায় বলা হয়েছে, তারা নজরদারিতে রয়েছে এবং যেকোনো সময় তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।

আরও পড়ুন
Web-Image---Copy

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টেও থাকবে ডোনাল্ড ট্রাম্পের ছবি

গোষ্ঠীটি আরও দাবি করেছে, তাদের কাছে এসব মেরিন সেনাদের পরিবারের তথ্য, বাসার ঠিকানা, এমনকি দৈনন্দিন রুটিনও অন্তর্ভুক্ত। ভবিষ্যতে আরও তথ্য প্রকাশের হুমকি দিয়েছে হানদালা।

এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মহলে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ সেনা সদস্যদের পরিচয় ও অবস্থান প্রকাশের সঙ্গে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি জড়িত। কর্মকর্তারা এখন তথ্য ফাঁসের পরিধি নির্ধারণ এবং এর ফলে সেনাদের নিরাপত্তার ওপর কী প্রভাব পড়তে পারে তা মূল্যায়নে কাজ করছেন।

তদন্তকারীরা তথ্যগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং অন্য কোনো সিস্টেম আক্রান্ত হয়েছে কি-না তা খতিয়ে দেখবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে একই গোষ্ঠী ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স হ্যাক করার দাবি করেছিল। সে সময় তারা ইন্টারনেটে প্যাটেলের বেশকিছু আপত্তিকর ছবি প্রকাশ করেছিল।

আরটিভি/এমএইচজে