মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১২:১৪ পিএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যজুড়ে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে সরকারি সূত্রে জানা যায়, টাসম্যাক পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে ৭১৭টি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি অবস্থিত। এর মধ্যে মন্দিরের কাছে ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ১৮৬টি এবং বাসস্ট্যান্ডের কাছে ২৫৫টি দোকান রয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয় ক্ষমতা গ্রহণের পরই জনকল্যাণকে গুরুত্ব দিয়ে এই নির্দেশ দেন বলে জানানো হয়েছে।
নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট দোকানগুলোকে আগামী ১৪ দিনের মধ্যে বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও যাতায়াত কেন্দ্রের আশপাশে মদের দোকান থাকা অস্বস্তি এবং সামাজিক সমস্যা তৈরি করে।
তামিলনাড়ুর রাজস্বের একটি বড় অংশ আসে টাসম্যাকের মদ বিক্রি থেকে। ২০২৫ সালে এ খাতে রাজস্ব দাঁড়ায় ৪৮ হাজার কোটি টাকারও বেশি। তবুও এই সিদ্ধান্তকে অনেকেই সাহসী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।
মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্তকে তার নির্বাচনী প্রতিশ্রুতি মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে টাসম্যাককে কেন্দ্র করে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত ও অভিযানও পরিচালিত হয়েছিল।
এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে জনসাধারণের একটি বড় অংশ একে সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার দিক থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আরটিভি/জেএমএ