images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

‘আঙুল ট্রিগারেই’, তবে মূল লক্ষ্য ‘টেকসই শান্তি’: ইরান

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৬:৩২ পিএম

ইরান ‘আঙুল ট্রিগারে’ রাখলেও বর্তমানে দেশটির মূল মনোযোগ ‘টেকসই শান্তি ও স্বার্থ-ভিত্তিক কূটনীতির’ ওপরই রয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। মঙ্গলবার(১২ মে) সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

মোহাজেরানি বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে লড়াই করেছি এবং এখনো আলোচনার মাধ্যমে সমাধানের অপেক্ষায় ট্রিগার হাতে ধরে আছি।’ তিনি আরও  বলেন, শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনির দেখানো পথ অনুযায়ী সম্মান, প্রজ্ঞা ও উপযোগিতা—এই তিন নীতি মেনেই ইরান তার কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। 

এদিকে দীর্ঘ যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে ইন্টারনেট পরিষেবার ওপর যে কড়াকড়ি রয়েছে, সংঘাত পুরোপুরি শেষ হলে তা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন এই মুখপাত্র। তিনি জানান, ইন্টারনেটসহ সব ধরনের অবকাঠামোতে নাগরিকদের ‘ন্যায়সংগত প্রবেশাধিকার’ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। 

আরও পড়ুন
7

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প

মোহাজেরানি বলেন, ‘আমরা ইন্টারনেট ব্যবহারের অধিকারকে একটি নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিই এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও একই মত পোষণ করেন। আমরা কোনো ধরনের বৈষম্য বা অবিচারকে প্রশ্রয় দিই না।’ 

তিনি আরও জানান, ইন্টারনেট-বান্ধব নীতির মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত সেবা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের ওপর থাকা বিধিনিষেধও তুলে নেওয়া হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের লাখ লাখ মানুষ গত ৭৪ দিন ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বর্তমানে দেশটিতে কেবল সরকার-অনুমোদিত কিছু ওয়েবসাইট ব্যবহার করা যাচ্ছে। সংঘাতকালীন জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার দ্রুত পরিস্থিতি উত্তরণের চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে। 

আরটিভি/এআর