images

আন্তর্জাতিক / ধর্ম / মধ্যপ্রাচ্য

ঈদের সম্ভাব্য তারিখ জানাল কাতার

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:৪১ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন কাতারের জ্যোতির্বিজ্ঞানীরা। কাতার ক্যালেন্ডার হাউসের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সেই হিসেবে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানিয়েছেন, হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে। তাদের তথ্যমতে, আগামী ১৮ মে (সোমবার) থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সেই অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন
11

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী শনিবার(১৬ মে) স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের চাঁদের জন্ম হবে। তবে ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদ দৃশ্যমান না হওয়ায় কাতারসহ আরব বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৭ মে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৮ মে থেকে নতুন মাস শুরু হবে। 

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ পালিত হয়। সেই নিয়ম অনুযায়ী, আগামী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এটি কেবল একটি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সম্ভাব্য আভাস মাত্র।

বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। ইসলামিক নিয়ম অনুযায়ী, দেশের আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন ঘোষণা করা হবে। 

আরটিভি/এআর