images

আন্তর্জাতিক / পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১০

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৫:৫৬ পিএম

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিসহ মোট ১০ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় অবস্থিত স্কাউটস ক্যাম্পে এই হামলা চালানো হয়। একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সন্ত্রাসীরা ক্যাম্পের ভেতরে প্রবেশের চেষ্টা করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলায় স্কাউটস ক্যাম্পের প্রবেশদ্বার ও আশপাশের দেয়াল ধসে পড়েছে।

আরও পড়ুন
4

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, নিহত ৯

পেশোয়ারের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে গেটে আঘাত করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এই অভিযানে ৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য ছাড়াও ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। হামলায় আরও অন্তত ৩৫ জন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। বাজাউরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

এদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর টিটিপির হামলার মাত্রা কয়েকগুণ বেড়েছে।

পাকিস্তান সরকার বরাবরই অভিযোগ করে আসছে, প্রতিবেশী আফগানিস্তান টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় ও মদদ দিচ্ছে। তবে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। সীমান্ত এলাকায় অব্যাহত এই অস্থিতিশীলতা ও প্রাণঘাতী হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক জঙ্গিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী।

আরটিভি/এআর