images

আন্তর্জাতিক / এশিয়া

নামে আন্তর্জাতিক বিমানবন্দর অথচ চলে না কোনো আন্তর্জাতিক ফ্লাইট! 

শনিবার, ১৬ মে ২০২৬ , ১২:০১ পিএম

ভিয়েতনামের কান থো আন্তর্জাতিক বিমানবন্দরে বছরের পর বছর ধরে কোনো নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট নেই। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পুরো বছরজুড়ে কোনো আন্তর্জাতিক ফ্লাইট না থাকা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন কান থো সিটি পিপলস কমিটির চেয়ারম্যান ট্রুং কান তুয়েন।

ভিয়েতনামের সংবাদমাধ্যম টিপিও-এর এক প্রতিবেদনে জানানো হয়, কান থো আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন কর্মপরিকল্পনা ও ফ্লাইট রুট চালু রাখার বিষয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) এয়ারপোর্টস কর্পোরেশন অব ভিয়েতনামের (এসিভি) সঙ্গে এক বিশেষ বৈঠকে বসে কান থো সিটি পিপলস কমিটি। সেখানেই স্থানীয় কর্তৃপক্ষের এই হতাশার চিত্র উঠে আসে।

বৈঠকে এসিভির প্রতিনিধিরা জানান, তারা দেশের ৯টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করেন, যার মধ্যে কান থো অন্যতম প্রধান এভিয়েশন হাব। বর্তমানে এই অঞ্চলে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা কোভিড-১৯ মহামারির আগের সময়কে ছাড়িয়ে গেছে। কিন্তু নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়ায় বিমানবন্দরে যাত্রী যাতায়াত এখনো পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
5

স্ত্রীর সামনে অপমান, মা-বাবাকে হত্যা করল ছেলে

পরিস্থিতি উত্তরণে এসিভি কান থো বিমানবন্দর থেকে আরও সরাসরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট চালুর পরিকল্পনা করছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, চীন ও তাইওয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। মহামারির আগে এই বিমানবন্দর থেকে মালয়েশিয়া ও থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসিভির ডেপুটি জেনারেল ডিরেক্টর এনগুয়েন কাও কুওং বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে হলে বিমানসংস্থা, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। বিশেষ করে চার্টার ফ্লাইটে আসা চীনা পর্যটকদের একটি বড় বাজার রয়েছে। কান থো যদি উপযুক্ত ভিসা নীতি ও সুযোগ-সুবিধা দিতে পারে, তবে এই পর্যটকদের সহজে আকর্ষণ করা সম্ভব।

কান থো সিটির চেয়ারম্যান ট্রুং কান তুয়েন জানান, শহরটিকে সড়ক, রেল, আকাশ ও সমুদ্রপথের একটি সমন্বিত লজিস্টিকস সেন্টার হিসেবে গড়ে তোলার নতুন পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। বিশেষ করে কান থো আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের এলাকাকে আঞ্চলিক এয়ার লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা হবে।

পর্যটন ও ব্যবসা প্রসারে কান থো সিটি কর্তৃপক্ষ চলতি বছর দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো মূল বাজারগুলোতে বিশেষ বাণিজ্য ও পর্যটন প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছে। এর মাধ্যমে নতুন ফ্লাইট রুট চালুর বিষয়ে আলোচনা আরও গতি পাবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

আরটিভি/এআর