শনিবার, ১৬ মে ২০২৬ , ১২:২৩ পিএম
ভারতের ওড়িশা রাজ্যে উন্নত চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এবং মাঝপথে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় প্রকাশ কুমার তান্ডি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ওড়িশার কটক-ভুবনেশ্বর সড়কে কাঠাজোড়ি নদীর ব্রিজের ওপর মর্মান্তিক এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মৃত প্রকাশের বাড়ি ওড়িশার কেন্দ্রপাড়া জেলায়। বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। অক্সিজেন সাপোর্টে থাকা প্রকাশের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।
পরিবারের সদস্যদের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি ব্রিজের ওপর ওঠার পর হঠাৎ জ্বালানি ফুরিয়ে থেমে যায়। সাহায্যের জন্য তারা আপ্রাণ চেষ্টা করলেও বিকল্প আরেকটি অ্যাম্বুলেন্স পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লেগে যায়। ততক্ষণে প্রথম অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারটি খালি হয়ে যায় এবং প্রকাশ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, চারদিকে চলমান যানবাহনের ভিড়ে ব্রিজের ওপর অ্যাম্বুলেন্সটি অসহায়ভাবে দাঁড়িয়ে আছে এবং স্বজনেরা সাহায্যের জন্য পথচারীদের কাছে আকুতি জানাচ্ছেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
ঘটনাটি ওড়িশার রাজনৈতিক অঙ্গনেও বেশ উত্তাপ ছড়িয়েছে। ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির নেতা ভক্ত চরণ দাস বিজেপি নেতৃত্বাধীন ওড়িশা সরকারের কড়া সমালোচনা করে বলেন, মাঝপথে অ্যাম্বুলেন্সের জ্বালানি ফুরিয়ে যাওয়া এবং রোগীর মৃত্যু প্রশাসনিক ব্যর্থতার এক ভয়াবহ প্রতিফলন। বিরোধী দল বিজু জনতা দলও (বিজেডি) এই ঘটনায় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভুবনেশ্বর ও কটকের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের গুজবে দীর্ঘ সারি এবং আতঙ্কিত হয়ে তেল কেনার খবর পাওয়া যাচ্ছিল। যদিও ওড়িশার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র দাবি করেছিলেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু এই ঘটনার পর সরকারের সেই দাবির কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
আরটিভি/এআর