রোববার, ১৭ মে ২০২৬ , ১০:৩৩ এএম
মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে আগামী ২৭ মে। তুরস্ক সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর না করে আধুনিক বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ভিত্তিতে তাদের ধর্মীয় উৎসবের তারিখ নির্ধারণ করে থাকে। এবারও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএসি আরও জানায়, আজ পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে খালি চোখে না হলেও উন্নত দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে একযোগে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর নির্ভর করে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হয়। তবে বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী এবার বিশ্বজুড়ে কাছাকাছি সময়েই কোরবানির ঈদ উদযাপিত হতে যাচ্ছে।
আরটিভি/এআর