মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১০:০১ এএম
উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত নতুন হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মঙ্গলবার (১৯ মে) ইরানে হামলার যে পরিকল্পনা ছিল, তা আপাতত বাতিল রাখা হয়েছে। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা আলোচনার স্বার্থে তাকে এ সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন।
ট্রাম্প আরও জানান, বর্তমানে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।
অন্যদিকে, ইরানের সামরিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে সতর্ক করেছে।
মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় উপসাগরীয় দেশগুলো নতুন সংঘাত এড়াতে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলার সক্ষমতা পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
এদিকে চলমান আলোচনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করলেও ট্রাম্প বলেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো অনিশ্চয়তা রয়েছে।
আরটিভি/জেএমএ