images

আন্তর্জাতিক / ভারত

জরুরি অবতরণের সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সঙ্গে হেলিকপ্টারের সংস্পর্শ, অতঃপর...

বুধবার, ২০ মে ২০২৬ , ০৭:৪৯ পিএম

ভারতের উত্তরাখণ্ডে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিল একটি বেসরকারি হেলিকপ্টার। হেলিকপ্টারটি উড্ডয়নের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের চেষ্টা  করে পাইলট। তবে নামার ঠিক আগমুহূর্তে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের তারে ধাক্কা খায় হেলিকপ্টারটি। প্রচণ্ড ধাক্কায় কপ্টারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও পাইলটের অলৌকিক দক্ষতায় আরোহী সবাই অক্ষত রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) সকালে উত্তরাখণ্ডের তেহরি গঢ়ওয়াল জেলায় এই রুদ্ধশ্বাস ঘটনা ঘটে। ট্রান্স ভারত এভিয়েশন সংস্থা পরিচালিত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে যাত্রী নিয়ে দেহরাদূন যাচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটি চম্বা-আরাকোটের ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আকাশে নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হলে দ্রুত সেটিকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। তবে মাঠের দিকে নামার সময় হেলিকপ্টারের পেছনের অংশটি (টেইল) স্থানীয় একটি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।

আরও পড়ুন
ujki

হঠাৎ ভাইরাল মোদির কার্টুন, যা জানা যাচ্ছে

বিদ্যুতের তারের সঙ্গে সংঘর্ষের পর কপ্টারের লেজের অংশটি ভেঙে যায় এবং বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাওয়ার আগেই পাইলটের উপস্থিত বুদ্ধির জোরে পাশের একটি ফাঁকা মাঠে হেলিকপ্টারটি নিরাপদে মাটিতে নামাতে সক্ষম হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কপ্টারে থাকা পাইলটসহ ৬ জন আরোহীর সবাই সম্পূর্ণ সুরক্ষিত আছেন। জানা গেছে, হেলিকপ্টারের আরোহী ৫ যাত্রীই একই পরিবারের সদস্য এবং তারা ভারতের রাজধানী দিল্লির পাঞ্জাবি বাগের বাসিন্দা। বদ্রীনাথ দর্শন শেষে তারা ফিরছিলেন।

এদিকে, জরুরি অবতরণের ঠিক পরের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদসংস্থা পিটিআই তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে এই ভিডিওটি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এবং উৎসুক মানুষ চারপাশে ভিড় জমিয়েছেন। এমন নিশ্চিত মৃত্যুর হাত থেকে আরোহীদের বেঁচে ফেরাকে মিরাকল হিসেবে দেখছেন স্থানীয়রা।

আরটিভি/এআর