images

আন্তর্জাতিক / এশিয়া

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৭:০৩ পিএম

নেপালের দিক থেকে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করার নতুন রেকর্ড তৈরি করেছেন।
 
বুধবার (২০ মে) অনুকূল আবহাওয়ার সুযোগ নিয়ে একসঙ্গে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় পৌঁছেছেন। নেপালের এক পর্বতারোহণ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত। দুই দিক থেকেই এই পর্বতচূড়ায় আরোহণ করা যায়। তবে এই বছর তিব্বতের দিক থেকে কোনো পর্বতারোহী এভারেস্টে উঠতে পারেননি। চীনা কর্তৃপক্ষ এই পথে পর্বতারোহণের অনুমতি না দেওয়ায় রুটটি বন্ধ ছিল। ফলে এভারেস্টপ্রেমীদের পুরো চাপটি ছিল নেপাল অংশের ওপর।

নেপালের এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ঋষি ভান্ডারি জানান, এর আগে নেপালের দিক থেকে এক দিনে সবচেয়ে বেশি ২২৩ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন। সেই রেকর্ডটি হয়েছিল ২০১৯ সালের ২২ মে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো।

আরও পড়ুন
8

সৌদি আরবে ১২ হাজার বছরের পুরোনো সভ্যতার সন্ধান

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বত দুই দিক মিলিয়ে এভারেস্টে এক দিনে সবচেয়ে বেশি মানুষ ওঠার রেকর্ডটি হয়েছিল ২০১৯ সালের ২৩ মে। সেদিন দুই দিক থেকে মোট ৩৫৪ জন পর্বতারোহী একসঙ্গে চূড়ায় পৌঁছেছিলেন।

ঋষি ভান্ডারি বলেন, ‘নেপালের দিক থেকে এক দিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ পর্বতারোহীর সংখ্যা।’ তিনি আরও জানান, এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেক পর্বতারোহী চূড়ায় আরোহণ করে এখনো বেস ক্যাম্পে নিজেদের সফলতার চূড়ান্ত তথ্য পাঠাননি। সাধারণত এপ্রিল ও মে মাসের পর্বতারোহণ মৌসুমে তিব্বতের দিক থেকেও প্রায় ১০০ জন এভারেস্টে ওঠার চেষ্টা করেন, যা এবার পুরোপুরি বন্ধ ছিল।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, তারা প্রাথমিক তথ্য পেয়েছেন যে বুধবার আড়াইশর বেশি পর্বতারোহী চূড়ায় আরোহণ করেছেন। তিনি বলেন, ‘আমরা পর্বতারোহীদের বেস ক্যাম্পে ফিরে আসার অপেক্ষা করছি। তারা আরোহণের প্রমাণ হিসেবে ছবি ও অন্যান্য নথি জমা দেওয়ার পর সনদপত্র দেওয়া হবে। তখনই চূড়ান্ত সংখ্যাটি নিশ্চিত করা যাবে।’

বিশেষজ্ঞরা বলছেন, মে মাসের শেষের দিকে আবহাওয়া হঠাৎ পরিষ্কার হওয়ায় ওপরের ক্যাম্পগুলোতে অপেক্ষমাণ পর্বতারোহীরা একসঙ্গে চূড়ার দিকে রওনা হন। এর ফলেই এক দিনে এত বেশিসংখ্যক আরোহী চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। 

আরটিভি/এআর