বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:২৮ পিএম
ভবিষ্যতের চরম অনিশ্চয়তা ও গাজা যুদ্ধের জেরে ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার উচ্চশিক্ষিত তরুণ। দেশটির পার্লামেন্টের (নেসেট) নির্দেশে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে।
বুধবার (৩ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত মানুষ এসেছেন, তার চেয়ে অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন, যার বড় অংশই তরুণ ও মেধাবী।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশত্যাগের এই প্রবণতা আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিপরীতে একই সময়ে অন্য দেশ থেকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ২ লাখ ১০ হাজারের বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা ২০০৯ থেকে ২০২১ সালের তুলনায় অনেক বেশি। বর্তমানে বছরে গড়ে ৪০ হাজার মানুষ দেশ ছাড়ছেন। এর ফলে দেশ ছেড়ে চলে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার নেট পার্থক্য এখন দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজারে।
গবেষণার ফলাফলে দেখা গেছে, দেশত্যাগকারীদের ৪৮ শতাংশেরই বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। অথচ ইসরায়েলের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই বয়সসীমার মানুষের হার মাত্র ৩২ শতাংশ। ২০২২ সাল থেকে দেশত্যাগকারীদের মধ্যে ৩৩ দশমিক ২ শতাংশের ব্যাচেলর ডিগ্রি, ২১ দশমিক ৫ শতাংশের মাস্টার্স ডিগ্রি এবং ৩ দশমিক ৭ শতাংশের পিএইচডি ডিগ্রি রয়েছে। বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের স্নাতকদের দেশ ছাড়ার হার সবচেয়ে বেশি।
এ ছাড়া ২০২৪ সালে যারা দেশ ছেড়েছেন, তাদের মধ্যে ৫২ শতাংশেরই জন্ম ইসরায়েলে এবং বাকি ৪৮ শতাংশের জন্ম বিদেশে। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য গিলাদ কারিভ ওয়াইনেটকে বলেন, ‘আগামী দিনের বিজ্ঞানী ও উদ্যোক্তারা জনসংখ্যার হারের তুলনায় অনেক বেশি গতিতে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন।’ মেধার এই গণহারে চলে যাওয়াকে তিনি দেশের ভবিষ্যতের জন্য একটি ‘কৌশলগত হুমকি’ হিসেবে অভিহিত করেন।
আরটিভি/এআর