images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আবারও গোলাগুলি

রোববার, ০৭ জুন ২০২৬ , ১১:২৫ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের সহিংসতা যেন থামছেই না। এবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যের টোলেডো শহরে একটি ঐতিহ্যবাহী উৎসবে দুই বন্দুকধারীর আকস্মিক গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল চলাকালীন এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টোলেডো পুলিশ বিভাগের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, স্থানীয় সময়  শনিবার (৬ জুন) বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে উৎসবস্থলের কাছে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বহু মানুষ রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে আছেন। পুলিশ ও উদ্ধারকারীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনাটি মূলত দুই ব্যক্তির পারস্পরিক বন্দুকযুদ্ধের কারণে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন
8

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চ সুরক্ষিত রাজনৈতিক এলাকা—সবখানেই এখন সাধারণ নাগরিকের নিরাপত্তা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ের কয়েকটি বন্দুক হামলার ঘটনায় তা স্পষ্ট। সম্প্রতি দেশটির একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় ৮ জন এবং সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলিতে ২ জন নিহত হন। এমনকি হোয়াইট হাউসের সামনেও অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া লুইসিয়ানায় আসল অপরাধী ভেবে একটি গাড়ি লক্ষ্য করে ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি ছুড়ে প্যাট্রিসিয়া শেপার্ড নামের এক নির্দোষ নারীকে হত্যা করা হয়।

টোলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনেন জানিয়েছেন, ঘটনার পর থেকে তদন্তকারীরা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন এবং সন্দেহভাজনদের ধরতে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ লেফটেন্যান্ট ড্যান গার্কেন বলেন, চাকরি জীবনে তিনি অনেক অপরাধের ঘটনাস্থলে গিয়েছেন, কিন্তু এই ঘটনাটি আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে।

এদিকে টোলেডোর জননিরাপত্তা বিষয়ক পরিচালক জর্জ ক্রাল সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনে ধারণ করা ঘটনার কোনো ভিডিও বা ফুটেজ থাকলে তা পুলিশকে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। হামলার সময় ওই উৎসবে কয়েক শ মানুষের সমাগম হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল টোলেডো শহরের অন্যতম এক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব। এমন একটা সুন্দর আয়োজনকে এই ধরনের অপরাধমূলক ঘটনা এসে ধূলিসাৎ করে দিল, এটা অত্যন্ত লজ্জাজনক। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ নামক একটি ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৭১টি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরটিভি/এআর