images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০১:২৯ এএম

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন ছিলেন স্কাইডাইভার।

রোববার (১৪ জুন) স্থানীয় সময় সকালে কানসাস সিটির প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল।

মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠেছিল বিমানটি। সকাল সাড়ে ১১টার দিকে জরুরি সেবাকর্মীরা খবর পান যে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান। স্কাইডাইভিংয়ের কাজে জনপ্রিয় এ বিমানটি পণ্য পরিবহন, আকাশ জরিপ এবং চিকিৎসা সহায়তামূলক উড্ডয়নেও ব্যবহৃত হয়। সর্বোচ্চ ১৭ জন স্কাইডাইভার বহনে সক্ষম বিমানটি স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এফএএর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ২০১০ সালে তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করল পেরুর পুলিশ

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক সার্ভিস সহায়তা দিচ্ছিল না।

বিমানটি বিমানবন্দরের পাশের একটি মাঠে আছড়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের সড়কও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে