রোববার, ২১ জুন ২০২৬ , ১১:১২ এএম
যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, হোয়াইট সিটির নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একে একে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।
ফায়ার বিভাগ আরও জানায়, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকেরও বেশি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে তিনজনকে ভবনটির ভেতর থেকে বের করে আনা হয় এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তী সময়ে তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় পরে তিনিও মারা যান। নিহত তিনজনেই পুরুষ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পর সাধারণ মানুষের কাছ থেকে মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে আশপাশের ফায়ার স্টেশনগুলোর বেশ কয়েকটি ইউনিটকেও দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে প্যাভিলিয়নটিতে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। তাঁদের এই তদন্ত কাজে সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে স্থানীয় পুলিশও।
আরটিভি/এআর