images

আন্তর্জাতিক

আরব দেশগুলোর ইরানের বিরুদ্ধে এক হওয়া ভুল হবে: রাশিয়া

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১১:৫৩ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আরব দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে একত্রিত হওয়ার চেষ্টা করে, তবে তা একটি বড় ভুল হবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার (২৩ জুন) মস্কোতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। 

ল্যাভরভ বলেন, আমরা মনে করি, আরব দেশগুলো যদি ইরানকে কেন্দ্র করে কোনো ধরনের জোট গঠন করে, তা হবে একটি ভুল পদক্ষেপ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ দেখিনি।

আরও পড়ুন
wed

বসবাস ও ভিসা নিয়ে ওমানের নতুন নিয়ম

তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে কারণে বিভাজনমূলক কোনো জোট গঠন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
 
রাশিয়া ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ। দুই দেশ সামরিক সহযোগিতা থেকে শুরু করে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই সম্পর্ক আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে। 
 
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা করতে গেলে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিকে উপেক্ষা করা যাবে না। সেখানে এমন কোনো প্রচেষ্টাই বাদ রাখা হচ্ছে না যাতে ভবিষ্যতে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে না পারে। 
 
ল্যাভরভ বলেন, আমাদের পশ্চিম তীরের ঘটনাগুলো ভুলে গেলে চলবে না, যেখানে নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে যেন সেখানে কখনো কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়। ফিলিস্তিন প্রশ্নের ন্যায্য সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়।
 
রুশ পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরেই জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সম্প্রতি তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ থাকলে অঞ্চলটি বহু বছর ধরে অস্থিতিশীলতা ও চরমপন্থার ঝুঁকিতে থাকবে।

আরটিভি/এমএম